রাঙ্গামাটিতে আদিবাসী সংস্কৃৃতি মেলা শুরু আজ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৭
রাঙ্গামাটিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ১২তম পার্বত্য চট্টগ্রাম আদিবাসী সংস্কৃৃতি মেলা। রাঙ্গামাটি সংস্কৃৃতি ইনষ্টিটিউটে তিনদিনব্যাপী এ মেলার আয়োজন করেছে জুম ঈসথেটিক্স কাউন্সিল (জাক)। মেলার এবারের প্রতিপাদ্য সংস্কৃৃতির বৈচিত্র্যময় উপত্যকায় বাঁচুক জাতিসত্তার আত্মপরিচয়। পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তি উত্সব বিজু, সাংগ্রাই, বৈসুক উপলক্ষে প্রতিবছরের ন্যায় রাঙ্গামাটিতে এ মেলার আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টায় মেলার উদ্বোধন করবেন লোকশিল্পী বেল নাই বম ও গেংখুলী রমনী মোহন চাঙমা। প্রধান অতিথি থাকবেন মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান। আদিবাসী সাংস্কৃৃতিক মেলায় আহবায়ক এডভোকেট মিহির বরণ চাকমা জানান, শনিবার পর্যন্ত এ মেলায় পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আদিবাসী ব্যক্তিবর্গ যোগ দেবেন। মেলা প্রাঙ্গণে বিভিন্ন ষ্টলে আদিবাসীদের ঐতিহ্যবাহী হস্ত কুটিরশিল্পসহ নানাবিধ পসরা নিয়ে বিভিন্ন ষ্টল থাকবে। পাশাপাশি রাঙ্গামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউটে থাকবে আদিবাসী সাংস্কৃৃতিক অনুষ্ঠান ও নাটক।