আইপিএল খেলছেন না সাকিব-তামিম

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৩৮
স্পোর্টস রিপোর্টার ষষ্ঠ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়ে গেলেও বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেলছেন না এবারের আসরে। দুজনেরই ইনজুরি সমস্যা, তবে মূলত জাতীয় দলের জিম্বাবুয়ে সফরের কারণে এই দুইজন আইপিএলের শুরু থেকে যোগ দিতে পারছেন না। কলকাতা নাইটরাইডার্সের হয়ে সাকিব ও পুনে ওয়ারিয়র্সের খেলায় তামিমকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পরও আইপিএলে খেলার জন্য দুই সপ্তাহ থাকবে বটে, কিন্তু দলে কম্বিনেশন ঠিক রাখতেই তামিম ও সাকিবকে হয়তো দলগুলো নিতে চাইবে না। কলকাতা নাইটরাইডার্সের সাথে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। যার মেয়াদ শেষ হচ্ছে এ বছরই। আর গত বছর অবিক্রীত থাকা তামিম ইনজুরি খেলোয়াড়ের বিকল্প হিসাবে পুনে ওয়ারিয়র্সে সুযোগ পেয়েছিলেন। এ বছর আবারো তিনি পুনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর থাকায় সাকিব ও তামিমের আইপিএলের ষষ্ঠ আসর খেলা হচ্ছে না!