বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়। বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সরকারি দলকে আরও সহনশীল হওয়া উচিত ছিল। বিরোধী দলের কথাগুলো তাদের আরও গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল। সেটা না করার কারণে দেশ আজ ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। এটা ভবিষ্যতে আমাদের কারো জন্যও ভালো নয়। সেই কারণে আমি হরতালের প্রতি সম্মান প্রদর্শন করে আজকে হরতালের সময় পার্টির নির্দেশে কোন প্রোগ্রাম করিনি। গত মঙ্গলবার রংপুর চেম্বার মিলনায়তনে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সহযোগিতায় ও এফবিসিসিআই’র উদ্যোগে এবং ঢাকা ব্যাংকের অর্থায়নে রংপুর সিটি বাজারে ফরমালিন শনাক্তকরণ মেশিন হস্তান্তর ও রংপুর সিটি বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সব পক্ষকে এ ব্যাপারে আলাপ-আলোচনা করতে হবে। তারপর যে সমাধান বেরিয়ে আসবে সেটি আমার মনে হয় একটি সর্বজন গ্রহণযোগ্য সমাধান হবে। এর মাধ্যমেই শুধু এই সংকটের সমাধান সম্ভব। গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, লাইসেন্স ছাড়া কেউ ফরমালিন আমদানি করতে পারবে না। একই সঙ্গে কার কাছে বিক্রি করা হচ্ছে এবং কী কাজে তা ব্যবহার করা হবে সে তথ্য সরকারকে জানাতে হবে। ফরমালিনের অপব্যবহার কমাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। আমাদের সকলকে ফরমালিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রংপুর চেম্বার প্রেসিডেন্ট মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি ও পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল কমিশনার আবুল কাশেম, রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মুসলিম উদ্দিন, ঢাকা ব্যাংকের রাজশাহী অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আবুল হাসনাত প্রমুখ।
