দুই পিস্তলসহ মিয়ানমারের দুই যুবক আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:১১
কক্সবাজার প্রতিনিধি ও উখিয়া সংবাদদাতা রামু উপজেলা সদরের চৌমুহনী বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন গুলিভর্তি অত্যাধুনিক পিস্তলসহ মিয়ানমারের দুই যুবককে ধরে বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করেছে। গতকাল বুধবার সকালে উপজেলার চৌমুহনী এলাকার লাল চিং বৌদ্ধ বিহারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে লেখাই রাখাইন নিজেকে মিয়ানমারের আকিয়াব জেলার মৃত মেউ রাখাইনের ছেলে বলে পরিচয় দিলেও অপরজন সেং সেং রে রাখাইন নিজেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়ার সেং রে রাখাইনের ছেলে বলে দাবি করেছে। তবে স্থানীয়রা জানিয়েছেন তারা দু’জনই মিয়ানমারের নাগরিক। সেং সেং রে রাখাইন বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে। ১৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান ও কক্সবাজারের পুলিশ সুপার মো: আজাদ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, রামু বৌদ্ধ বিহারের হামলা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রাখাইন যুবকদের অস্ত্রসহ বিচরণের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।