গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁও ও ত্রিশাল উপজেলার সীমানাবর্তী ত্রিশাল উপজেলার ধলা গ্রামের জসিমউদ্দিন মডেল স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির ছাত্র রবিউল আলম রবিন (৭) এবং ১ম শ্রেণির ছাত্র আশিক মিয়াকে (৬) স্কুলের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে একদল দৃর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে।
গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের ব্যবসায়ী সোহেল মিয়ার ছেলে রবিন ও আলম মিয়ার ছেলে আশিক স্কুল শেষে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের মনে সন্দেহ হয়। তারা স্কুলে গিয়ে রবিন ও আশিক মিয়াকে না পেয়ে স্কুলের শিক্ষকদের শরণাপন্ন হন। এ সময় একটি অপরিচিত নাম্বার থেকে সোহেল মিয়ার মোবাইলে ফোন করে তাদের সন্তানদের ফিরে পেতে ১০ লাখ টাকা নিয়ে বুধবার রাত ১০টার মধ্যে জয়দেবপুর চৌরাস্তায় যেতে বলে। রবিনের পিতা সোহেল মিয়া জানান, স্কুলে আসা-যাওয়ার পথে দুর্বৃত্তরা রবিন ও আশিককে অপহরণ করেছে। অপহরণকারীদের কথামত এখনো আমরা পুলিশকে জানাইনি। পুলিশকে জানালে তারা আমাদের সন্তানদের হত্যা করতে পারে। জসিমউদ্দিন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ জানান, স্কুলের খাতায় রবিন ও আশিকের হাজিরা নাই। সম্ভবত স্কুলে আসার পথে তারা অপহূত হয়ে থাকতে পারে। গফরগাঁও সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে তারা এখনো কোন অভিযোগ পাননি।
