টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তারকৃত শফিকুল হক শামীমকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকবর আলী সেখ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার রাতে শফিকুল হক শামীমকে টাঙ্গাইল শহরের কলেজপাড়া তার বাড়ির সামনে রাস্তা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন সোমবার তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। শফিকুল হক শামীম টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ও শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
শামীমের বড় ভাই সাদেকুল হক স্বাধীন অভিযোগ করেন, ফারুক আহমেদ হত্যা মামলায় শামীম ছিল সাক্ষী। সে প্রথম ফারুক আহমেদকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। অথচ পুলিশ তাকেই গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর শামীমকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু ওবায়দা খান বলেন, ফারুক আহমেদ হত্যার ঘটনাস্থলে শামীম উপস্থিত ছিল। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
