সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
গত মঙ্গলবার সন্ধ্যায় সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের তৈয়ব আলী প্রামাণিক (৭০) পুত্রের হাতে খুন হয়েছেন। এলাকার লোকজন জানায়, তৈয়ব আলী ও পুত্র মিলন একসাথে ডাকাতমারা চরে মেয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে বখাটে পুত্র মিলন পিতার কাছে জমি লিখে নিতে চায়। কিন্তু তৈয়ব আলী জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির একপর্যায়ে পুত্র মিলন ছুরি দিয়ে পিতাকে আঘাত করলে পিতা গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে মারা যান। ঘাতক পুত্র পলাতক।
