লং মার্চের ব্যাপারে অনড় হেফাজতে ইসলাম

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২২
হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের লংমার্চ কর্মসূচির ব্যাপারে অনড় রয়েছে। তাদের বক্তব্য কোন প্রকার বিভ্রান্তি কিংবা অপপ্রচারে লংমার্চ কর্মসূচিতে তারা পিছপা হবে না। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে বলেন, লক্ষ লক্ষ লোকের কাফেলা ঢাকায় পৌঁছার সকল পরিকল্পনা ও প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। হেফাজতে ইসলাম লংমার্চ কর্মসূচির সমর্থনে গতকাল বুধবার সকালে নগরীতে প্রচার র্যালি বের করেছে। মটরসাইকেল, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ বিশাল মটর শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হেফাজতে কর্মী সমর্থকগণ প্ল্যাকার্ড, ব্যানার এবং মাথায় লংমার্চের সমর্থনে কাপড় বেঁধে লংমার্চের সমর্থনে শ্লোগান দেয়া হয়। জানা যায়, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে মটর র্যালি বের করা হয়। হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ গতকাল বুধবারও সারাদিন হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় বৈঠক করেছেন এবং তাদের কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। অপরদিকে গত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় হেফাজতে ইসলামের সাথে সরকার ও প্রশাসনের আলোচনা চলার বিভ্রান্তিমূলক সংবাদের ব্যাপারে আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যা দেয়া হবে। তাছাড়া হেফাজতে ইসলাম তাদের লংমার্চ কর্মসূচির ব্যাপারে সর্বশেষ প্রস্তুতিসহ অন্যান্য কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন বলে জানা যায়। এদিকে লংমার্চে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ৫৭০জন আইনজীবী সমর্থন জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতা আইনজীবীদের মধ্যে চট্টগ্রাম বারের সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী, বার সভাপতি এডভোকেট শামসুদ্দিন আহম্মেদ মির্জা, সাবেক বার সভাপতি এডভোকেট আহাম্মেদ ছগির, এডভোকেট আলহাজ্ব আব্দুল কুদ্দুস ও এডভোকেট আলহাজ্ব দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শাহ আলম মিয়া, এডভোকেট আলহাজ্ব নাজিম উদ্দিন প্রমুখ রয়েছেন। লংমার্চে বাধা দিলে দক্ষিণাঞ্চল অচল করে দেয়া হবে বরিশাল অফিস জানায়, হেফাজতে ইসলামের লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে গতকাল বুধবার খাজা মঈন উদ্দিন মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাজার রোডস্থ খাজা মঈন উদ্দিন মাদ্রাসা মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম মহানগরের আমির মাওলানা ওবায়দুল রহমান মাহবুব। বক্তৃতা করেন আব্দুল হালিম, কাজী আব্দুল মান্নান, রুহুল আমিন খান, নূরুর রহমান বেগ, হাফেজ রুহুল আমিন, সামসুল আলম, আব্দুল খালেক পীর সাহেব, সাব্বির আহেমদ, সামসুল আলম, মোজাম্মেল হোসাইন, সুলতান মাহমুদ, অধ্যাপক আবুল কাসেম, শাহজাহান প্রমুখ। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি লংমার্চে বাধা দেয়া হয় তবে দক্ষিণাঞ্চল অচল করে দেয়া হবে।