রাঙ্গামাটিতে দেড় মাসে ৬৮ পাহাড়ি অপহূত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৫
রাঙ্গামাটির লংগদু উপজেলা থেকে গত দেড় মাসে ৬৮ জন নিরীহ পাহাড়ী গ্রামবাসীকে সন্ত্রাসীরা অপহরণ করেছে। গত মঙ্গলবার লংগদু থেকে ২ জন, ৩০ মার্চ দজরপাড়া এলাকা থেকে ৪ জন ও ১৬ ফেব্রুয়ারি ৬২ জন নিরীহ পাহাড়ীকে অপহরণ করা হয়। এ অপহরণের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থি ও পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গতকাল বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এক বিবৃতিতে এ দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার রাতে একটি সশস্ত্র দল লংগদু উপজেলা থেকে নিরীহ দুই গ্রামবাসীকে অপহরণ করে। এ ঘটনার জন্য রূপায়ণ-তাতিন্দ্র নেতৃত্বাধীন সংস্কারপন্থীদের একটি সশস্ত্র দলকে দায়ী করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, লংগদুর ঘটনা ছাড়াও গত ২৭ মার্চ খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সদর ইউনিয়নের বেলক্কপাড়া থেকে এক যুবককে ইউপিডিএফের সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। পরে অপহূত সতীশ কুমার চাকমা ইউপিডিএফের জিম্মিদশা থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করে মারাত্মভাবে জখম করে। ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক নিরীহ গ্রামবাসীদের অপহরণে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপহূতদের দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।