সৌদি আরবের শ্রমবাজার ধরে রাখতে অন্যদেশগুলোর সঙ্গে বাংলাদেশকে প্রতিযোগিতা করতে হবে বলে দেশটির পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশটির একটি প্রতিনিধি দল গতকল বুধবার সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের এ সিদ্ধান্তের কথা জানান। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ড. সুলতান বিন মোহাম্মদ আল হাজ্জার নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল শ্রমিকদের দক্ষতা বাড়াতে নেয়া কার্যক্রম পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছে। আট সদস্যের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল গত ৩০ মার্চ বাংলাদেশে আসে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতান আল হাজ্জা বলেন, বাংলাদেশের শ্রমিকদের মান পর্যবেক্ষণে তারা সন্তুষ্ট। তবে অবশ্যই এ দেশের শ্রমিকদের বিশ্বের অন্য দেশের শ্রমিকদের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে হবে। বাংলাদেশকে সৌদি আরবের ‘পুরানো বন্ধু’ উল্লেখ করে তিনি বলেন, তারা চান যে, সৌদি আরবে বাংলাদেশ থেকে বৈধ উপায়ে ও কম খরচে শ্রমিক প্রেরণ করা হোক।
সৌদি প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খোন্দকার মোশাররফ বলেন, তারা কয়েকটি ট্রেনিং সেন্টার পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছে। তিনি আরো জানান, সৌদি দূতাবাসের কর্মকর্তা নিহত হওয়ার কারণে এই প্রতিনিধি দলের আসতে কিছুটা দেরি হয়েছে।
