কাদের মোল্লার আপিল:দুই বিচারপতিকে বিরত থাকার আবেদন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৬
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতিকে কাদের মোল্লার মামলার বিচারকাজ থেকে বিরত থাকতে আবেদন জানানো হয়েছে। ওই দুই বিচারপতি হচ্ছেন, বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। বিচারপতি এসকে সিনহা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী নবনিযুক্ত বিচারক। কয়েকটি কারণে ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে বিচার থেকে বিরত থাকার এই আবেদন জানানো হয়। বুধবার আপিল বিভাগের এডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন আবেদনটি দাখিল করেছেন। আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে বেলজিয়াম প্রবাসী আইনজীবী ড. আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপি কথোপথনে বিচারপতি এস কে সিনহার সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী লন্ডনে ঘাতক দালাল নির্মূল কমিটির একটি সভায় যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে বক্তব্য দিয়েছেন। এদিকে কাদের মোল্লার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ গতকাল দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অপর বিচারকরা হলেন, বিচারপতি এসকে সিনহা, বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান ট্রাইব্যুনালের রায়ের ১২০ প্যারা থেকে ২২৯ প্যারা পর্যন্ত পড়ে শোনান। এ রায়ে মোট ৪২৯টি প্যারা রয়েছে। শুনানিকালে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও কাদের মোল্লার পক্ষে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।