বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের বেশিরভাগ লোক লুণ্ঠন-দুর্নীতির সঙ্গে জড়িত। হলমার্ক, শেয়ারবাজার, পদ্মাসেতু, কুইক রেন্টাল ও ডেসটিনি কেলেঙ্কারির সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের লোকজন সম্পৃক্ত। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘আওয়ামী দুঃশাসনের ৫২ মাস! কেমন আছে বাংলাদেশ? শীর্ষক আলোচনায় তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ এই আলোচনার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে বিশ্বাস করে না। তারা একদিকে গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে। বর্তমান সরকার সব বিরোধী রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানিয়ে এসব দলের নেতাকর্মীদের জেলে ঢুকাচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
