হেফাজতে ইসলামকে আলোচনায় বসার আহবান জেপি নেতার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৭
জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও ঢাকার কুতুববাগ দরবার শরীফের খলিফা মোহাম্মদ হায়দার আলী চৌধুরী হানাহানি-দলাদলি বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য হেফাজতে ইসলামের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, কিছু পথভ্রষ্ট লোক বাদ দিয়ে দেশের ষোল কোটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আপনাদেরকে ধর্মীয় গুরু হিসেবে ভক্তি, শ্রদ্ধা ও সম্মান করেন। আপনাদের প্রতি মানুষের এই ভক্তি শ্রদ্ধা আপনাদের উচ্চাভিলাষের কারণে ভুলুণ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পবিত্র কোরআনের আলোকে আমি প্রমাণ করে দেব, আপনাদের এ ধরনের লংমার্চ কর্মসূচি একটি শিকারী, হারাম ও বে’দাত কর্মসূচি। এ ধরনের কর্মসূচি প্রতিহত করা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের ঈমানী দায়িত্ব। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট অধ্যাপক মো. আতাহার, প্রবীণ রাজনীতিবিদ নুর মোহাম্মদ চৌধুরী, কালাম চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের সহকারী কমান্ডার এবিএম সিদ্দিক, জাতীয় পার্টি (জেপি) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলাল মৃধা ও প্রচার সম্পাদক মাসুদ তালুকদার বাবুল।