চলতি বছর আউশ ধান চাষে প্রায় সাড়ে তিন লাখ প্রান্তিক কৃষককে প্রণোদনা দেবে সরকার। এই প্রণোদনার আওতায় কৃষকদের সার ও বীজ কেনার জন্য ৪৩ কোটি ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা দেয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে প্রণোদনার অর্থ কৃষকের কাছে পৌঁছে যাবে।
গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা জানিয়ে বলেন, আমরা কৃষককে আউশের দিকে আনতে চাচ্ছি। কারণ, আউশের আবাদ বৃষ্টিনির্ভর হওয়ায় সামান্য সেচেই উত্পাদন করা যায়। ২০১১-১২ অর্থবছরে ২৩ দশমিক ৩৩ লাখ টন আউশ উত্পাদন হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, প্রণোদনা দিয়ে চলতি অর্থ বছরে ৩০ থেকে ৪০ লাখ টন আউশ উত্পাদন সম্ভব হবে বলে আশা করছি।
চলতি বছর ৪৭টি জেলার তিন লাখ ২৫ হাজার পাঁচশ’ প্রান্তিক কৃষকের প্রত্যেককে এক বিঘা করে জমিতে উফশী আউশ আবাদে বীজ ও সার কিনতে ৪১ কোটি ৮৫ লাখ টাকা দেয়া হবে। পাশাপাশি কৃষকরা জনপ্রতি ২০ কেজি ইউরিয়া এবং ১০ কেজি করে এমওটি ও ডিএপি সার পাবেন।
এছাড়া ১৮ জেলার সাত হাজার বিঘা জমিতে নেরিকা জাতের আউশ ধান চাষের জন্য সাত হাজার কৃষককে এক কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা দেয়া হবে।
কৃষি মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটি মনোনীত উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/ সদস্যদের উপস্থিতিতে প্রণোদনা দিতে কৃষকদের তালিকা করা হবে। এই তালিকা উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদন করবে। সরকার আউশ উত্পাদনে কৃষকদের ২০১১ সাল থেকে প্রণোদনা দিচ্ছে। গতকাল সংবাদ সম্মেলনে কৃষি সচিব মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
