আফগানিস্তানে আদালতে তালেবানের হামলায় নিহত অর্ধশতাধিক

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৭
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানীর একটি আদালতে আত্মঘাতী ও বন্দুকধারীদের হামলায় অর্ধশতাধিক নিহত এবং আহত হয়েছে প্রায় ৯০ জন। বিচারাধীন তালেবান জঙ্গিদের মুক্ত করতে এই হামলা চালানো হয়। খবর বিবিসির। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। জঙ্গিরা বিস্ফোরক ভর্তি একটি সামরিক যানে আসে। এরপর বিস্ফোরণ ঘটিয়ে আদালতের নিকটে থাকা একটি বাড়ি, গভর্নর হাউস এবং দুটি ব্যাংক ধ্বংস করে দেয়া হয়। ফারাহ প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, এরপর জঙ্গিরা সৈন্যের ছদ্মবেশে গুলি করা শুরু করে। তখন সেখানে থাকা সৈন্যদের সঙ্গে তাদের বন্দুকযু্দ্ধ হয়। প্রদেশের পুলিশ প্রধান আফগা নূর বলেন, হামলাকারীর মধ্যে ছয়জন আত্মঘাতী ছিল। কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ৩৪ জন বেসামরিক নাগরিক, ১০ জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এবং ৯ জন জঙ্গি রয়েছে।