নিউইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে ঘুষ কেলেঙ্কারি :স্টেট সিনেটর গ্রেফতার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে ঘুষ লেনদেনের অভিযোগে ডেমোক্র্যাট দলের শীর্ষস্থানীয় একজন স্টেট সিনেটরসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মেয়র নির্বাচনে তারা ঘুষ লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন রিপাবলিকান এবং আরো দুইজন ডেমোক্র্যাটও রয়েছেন। আদালতে তাদের বিচার চলছে। খবর রয়টার্সের। আদালতের নথি থেকে জানা যায়, গাড়ি, হোটেল, রাজ্যের অফিসে বসে অভিযুক্তরা এক লাখ ডলার ঘুষ লেনদেন করেছেন। আগামী নভেম্বরে নিউইয়কের্র বর্তমান মেয়র ব্লুমবার্গের মেয়াদ শেষ হবে। সেই সময় একজন নতুন মেয়র নির্বাচনে ভোট দেবেন নিউইয়র্কবাসী। ঘুষ লেনদেনের মূল অভিযোগ কুইনস কাউন্টির ডেমোক্র্যাট দলের সিনেটর ম্যালকম স্মিথের বিরুদ্ধে। প্রসিকিউটররা জানিয়েছেন, মেয়র নির্বাচনে নিজের পক্ষে সমর্থন আদায়ের জন্য স্মিথ রিপাবলিকানদের ঘুষ দিয়েছেন। গ্রেফতারকৃত অন্যরা হলেন কুইন্স কাউন্টির রিপাবলিকান দলের ড্যানিয়েল হ্যালোরান, একই দলের ভিনসেন্ট টাবোন, ডেমোক্র্যাট দলের জোসেফ স্যাভিনো এবং নরমি জেসমিন। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতারের পর ফেডারেল কোর্টে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে।