রেল নাশকতার ঘটনায় ১৬৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৮
কুমিল্লায় রেললাইনের ফিশপ্লেট উপড়ে ফেলে নাশকতা সৃষ্টির ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় ১৬৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। লাকসাম রেলওয়ে নিরাপত্তা চৌকির এ.এস.আই শাহাবুদ্দীন বাদী হয়ে মঙ্গলবার গভীর রাতে এ মামলা দায়ের করেন। মামলায় ঘটনার পর গ্রেপ্তারকৃত ১৮ জনসহ ৪৮ জনের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ১২০ জনকেও আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়। এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর (তারাকুয়া) নামক স্থানে আন্তঃনগর তূর্ণা নিশীথা ট্রেন দুর্ঘটনায় পড়ে। গতকাল বুধবারও দিনভর ঘটনাস্থলে পড়ে থাকা ট্রেনের বিধ্বস্ত বগিগুলো উদ্ধারের কাজ চালানো হয়। একই সঙ্গে রেললাইনের পরীক্ষা-নিরীক্ষার কাজও চলেছে। এদিকে ওই ঘটনায় রেল কর্তৃপক্ষ গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি আগামী ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করবে। রেল পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার বিকালে জেলার সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকার চাঙ্গিনী গ্রামের মেস থেকে ১৪ জনকে এবং ওই দিন রাতে অভিযান চালিয়ে আরো ৪ জনসহ মোট ১৮ জনকে পুলিশ গ্রেফতার করে। গতকাল বুধবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের জন্য থানা পুলিশের সঙ্গে রেল পুলিশও জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।