জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের দাবি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:০৬
ইত্তেফাক রিপোর্ট জেলা বাজেটকে জনঅংশগ্রহণ-মূলক ও জনদাবির প্রেক্ষিতে প্রণয়ন ও বাস্তবায়ন করার উপর জোর তাগিদ দিয়েছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আগামী ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সূচনা বক্তব্য দেন সুপ্র’র চেয়ারপার্সন মুস্তাফিজুর রহমান খান। সুপ্র’র সমন্বয়কারী ও গবেষক কাজী শফিকুর রহমান জেলা বাজেট সংক্রান্ত সুপ্র’র অবস্থানপত্র উপস্থাপন করে বলেন, কেবল একটি জেলার জন্য আলাদা বাজেট বরাদ্দ জনঅংশগ্রহণমূলক জেলা বাজেট ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। জেলা বাজেট প্রণয়নের জন্য প্রয়োজন বাজেটের কাঠামোগত সংশোধন। কেননা বাংলাদেশের বিদ্যমান আইনে বিকেন্দি ভূত অর্থনৈতিক কাঠামোর কোন অনুমোদন নেই। সুতরাং আইনের পরিবর্তন ব্যতিরেকে অর্থমন্ত্রীর জেলা বাজেট প্রণয়নের প্রকৃত কাঠামোগত রূপরেখা কি হবে তা জনগণের জন্য উপস্থাপন করা জরুরী। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা শুধু রাজনৈতিক অবস্থান থেকে জেলা বাজেটের প্রতিশ্রুতি চাই না, আমরা প্রকৃত অর্থে জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন চাই। সেক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করা প্রয়োজন। তৃণমূলে ওয়ার্ড সভার মাধ্যমে ওয়ার্ড বাজেট, ওয়ার্ড বাজেটের সমন্বয়ে ইউনিয়ন এবং পৌর বাজেট, পৌর এবং ইউনিয়ন বাজেটের উপর নির্ভর করে উপজেলা বাজেট এবং সর্বোপরি উপজেলা বাজেটের সমন্বয়ে জেলা বাজেট প্রণয়ন করতে হবে।