জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামের রাঙ্গামাটি বৈশার হাওর থেকে সোমবার নিখোঁজ হওয়ার ৫ দিন পর মনিরউদ্দিন নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ সন্তানের জনক মনিরউদ্দিন বাউধরন গ্রামের মৃতঃ আইয়ুব উল্লার পুত্র। পরিবারের লোকজন জানিয়েছে অপহরণের পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর গ্রামে শোকের ছায়া বিরাজ করলেও গুপ্তহত্যার কারণে অনেকেই আতংকিত।
মনিরউদ্দিনের ভাই লাল মিয়া জানান, গত ২৭ মার্চ বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাজারে গেলে রাতে না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। না পেয়ে ৩১ মার্চ থানায় জিডি করা হয়। গত সোমবার হাওরে মস্তকবিহীন গলিত লাশের খবর দ্রুত গ্রামে জানাজানি হয়। পরে উদ্ধারকৃত লাশটি নিখোঁজ মনিরউদ্দিনের বলে তার পরিবারের লোকজন সনাক্ত করে। ওসি মাকছুদুর রহমান জানান, লাশের টুকরোগুলোর ময়না তদন্তে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিখোঁজ মনিরউদ্দিন ডাকাতি মামলার আসামি ছিলেন। তবে কি কারণে দুষ্কৃতকারীরা মনিরউদ্দিনকে হত্যা করেছে তার কারণ জানা যায়নি।
