দক্ষিণ আফ্রিকার জাতিগত বিদ্বেষবিরোধী আন্দোলনকারী ডেসমন্ড টুটু ২০১৩ সালের টেমপ্লেটন পুরস্কার জয় করেছেন। বিশ্বব্যাপী মানুষের মধ্যে ক্ষমা ও ন্যায়বিচারের প্রতি উদ্বুদ্ধ করার জন্য তাকে ১৭ লাখ ডলার মূল্যের এই পুরস্কার দেয়া হয়েছে বলে সংগঠকদের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে।
বিংশ শতাব্দীর শেষদিকে কেপ টাউনে আর্চ বিশপ হিসেবে দায়িত্বপালনকারী নেতৃস্থানীয় মানবাধিকারকর্মী টুটু দক্ষিণ আফ্রিকার নিগৃহীত সমাজে জাতিগত বিদ্বেষ কমানোর ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা পালন করেছেন। ৮১ বছর বয়সী টুটু দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরিপ্রেক্ষিতে ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন বিশিষ্ট আন্দোলনকারী। টেমপ্লেটন পুরস্কার এমন এক সময় ঘোষণা করা হল যখন টুটুর বন্ধু অপর নোবেল জয়ী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রয়াত মানবহিতৈষী জন টেমপ্লেটনের নামে এই পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।
আর্থিক মূল্যমানে নোবেল পুরস্কারের চেয়েও দামি এই পুরস্কারটি জীবনের আধ্যাত্মিক মহিমা সমর্থনের ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জীবিত কোনো ব্যক্তিকে দেয়া হয়। গতবছর তিব্বতের বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাইলামা এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ১৯৭৩ সালে প্রথম টেমপ্লেটন পুরস্কার পান মাদার তেরেসা।
