হরিণাকুণ্ডু ও মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহ সদর উপজেলার সাহেবনগর গ্রামের মৃত.বেলায়েত হোসেনের মেয়ে মমতাজ বেগমকে (৩০) তার স্বামী মহেশপুর থানার সামন্তা গ্রামের আমির হোসেনের ছেলে নজরুল (৪০) ও তার সহযোগীরা গত ২৯ মার্চ যৌতুকের দাবিতে মারতে থাকলে একপর্যায়ে সে মারা যায়। পরে গ্রাম্য মাতব্বরদের চাপের মুখে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করে। স্থানীয় সূত্রে জানা গেছে ঘাতক নজরুল মমতাজের বাবার বাড়ি থেকে যৌতুক এনে না দিলে মাঝে-মধ্যেই তাকে মারধর ও নির্যাতন করতো। ২ মাস আগে জমি বিক্রয় করে মমতাজের ভাই ওলিয়ার রহমান ৮০ হাজার টাকা নজরুলকে দেয়। তারপরও থেমে থাকেনি ঘাতক স্বামী নজরুলের নির্যাতন। মামলাটি মহেশপুর থানা আমলে নিয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছে। খুব শিগগিরই মমতাজের লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
