বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর একটি জনবহুল গ্রাম। এ গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজও পূরণ হয়নি। জানা গেছে, গ্রামের পুরাকাটা ফেরিঘাট থেকে দীর্ঘ ৩ কি.মি. পশ্চিমে ৮ বছরেরও বেশি সময় ধরে শত চেষ্টা করেও নিজ গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করতে পারেনি গ্রামবাসী। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের সাথে বহুবার আলাপ করা সত্ত্বেও কোন সুফল আসেনি।
গ্রামবাসী জানান, ২০০৭ সালের শেষের দিকে বিদ্যুতের লাইন পাওয়ার কথা থাকলেও সিডরের কারণে তা আর সম্ভব হয়নি। সিডরের পর গ্রামের প্রতিনিধিরা অনেকবার পটুয়াখালী পল্লী বিদ্যুত্ অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ বরিশাল পল্লী বিদ্যুত্ অফিসে যোগাযোগ করতে বলেন। আর বরিশাল পল্লী বিদ্যুত্ অফিসে যোগাযোগ করলে তারা বলেন, এই লাইনটির জন্য ইজারা ডাকা হলে কেউ ইজারা নিতে রাজি হয়নি। যদি বিদ্যুতের ব্যবস্থা করা যায় তাহলে গ্রামটিতে ছোটবড় অনেক রাইস মিল, পোলট্রি ফার্মসহ আরও অনেক কলকারখানা গড়ে উঠবে যার ফলে বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামের শিশুদের লেখাপড়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
মো. মশিউর রহমান রিয়াজ
বুড়িরচর, বরগুনা
