গোপালগঞ্জ ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৩১
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে ও বাতিলের দাবিতে বঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছে। এ সময় বিক্ষুব্ধরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুলকে গোপালগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন। গত মঙ্গলবার ঢাকা থেকে আব্দুল হামিদকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রতিবাদে বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে বঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। এ সময় ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ মুন্সি, মোঃ আতাউর রহমান পিয়ালসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সম্মেলন না করে অবৈধভাবে ঢাকা থেকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অছাত্র, ২৯ বছর বয়সেরও বেশি বয়স্ক অযোগ্যরাও সুযোগ পেয়েছেন। কমিটিতে হিন্দু শিক্ষার্থী বা কোন ছাত্রী স্থান পায়নি। ছাত্রলীগের সংবিধান লংঘন করে এ কমিটি ঘোষণা করায় বক্তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গোপালগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের এ ব্যাপারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার পরামর্শ দেন। পরে বিক্ষুব্ধরা প্রশাসন ও পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।