মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৬ ব্যক্তিকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। আটকরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল হাকিম প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (২৪), চরবেলা গ্রামের আবু সাঈদ সরকারের ছেলে মো. হাসান (২৪), এনায়েতপুর উপজেলার রূপসী গ্রামের আবু সাঈদী মুন্সীর ছেলে আবদুল মোনাফ আলী (১৮), আমজাদ আলী শেখের ছেলে আবদুল হাই (২৫), রপচান শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও সাতক্ষীরার সদর উপজেলার কামার বাইশ গ্রামের সামসুর রহমান সর্দারের ছেলে আশরাফুল হাসেম (২৫)। বুধবার রাতে পৌরশহরের হোটেল কাসপার সামনে থেকে পুলিশ তাদেরকে আটক করে। চকরিয়া থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, দালালের মাধ্যমে সাগরপথে অবৈধ পন্থায় মালয়েশিয়া যাওয়ার জন্য বুধবার সকালে ঐ ৬ ব্যক্তি সিরাজগঞ্জ ও সাতক্ষীরা থেকে কক্সবাজার পৌঁছে। পরে তারা প্রশাসনের ধরপাকড় দেখে চকরিয়ায় পালিয়ে এসে উপজেলার উপকূলীয় এলাকা হয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে থানার এসআই সৌরজিত্ বড়ুয়া ও এএসআই জাহাঙ্গীর আলম এবং জামিরুল ইসলাম শহরে অভিযান চালিয়ে হোটেল কাসপার সামনে থেকে তাদের আটক করেন। বৃহস্পতিবার সকালে তাদেরকে উপজেলা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা হাজতে আটককৃতরা সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জের বাসিন্দা মো. আইয়ুব নামের একব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজারে রয়েছে। ওই ব্যক্তি তাদেরকে জনপ্রতি দুই লাখ টাকার চুক্তিতে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য কক্সবাজারে আসতে বলে। তাকে আর খুঁজে পাননি তারা।
