গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার বিকালে বিনা উস্কানিতে বিএনপি’র কিছু কর্মী অতর্কিতে উপজেলার চন্দ্রায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। এসময় হামলাকারীরা ওই কার্যালয়ে টাঙ্গানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিচে ফেলে দিয়ে ভাঙচুর চালায়। এ ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে। সেখানে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভ, আলামিন ও তানজীল নামে তিন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
