মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কর্মকাণ্ড নিয়ে স্মৃতিকথা লিখছেন। প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার জানিয়েছে, সাবেক এই পররাষ্ট্র মন্ত্রীর বইয়ের নাম এখনো ঠিক করা হয়নি। আগামী বছরের জুনে বইটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। বইটির জন্য হিলারি কত নেবেন তা প্রকাশ করা হয়নি। হিলারির আরেকটি স্মৃতিকথা ‘লিভিং হিস্ট্রি’র জন্য তিনি ৮০ লাখ ডলার পেয়েছিলেন বলে জানা যায়। এই বইটি একই প্রকাশনী বের করেছিল ২০০৩ সালে। খবর এনডিটিভির।
প্রকাশনা সংস্থার প্রেসিডেন্ট, প্রকাশক ও হিলারির বইয়ের সম্পাদক জোনাথন কার্প গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, হিলারি ক্লিনটনের অসাধারণ জনসেবার জন্যই তিনি সাম্প্রতিক ইতিহাসে অনন্য অবস্থান করে নিয়েছেন। যারা আজকের বিশ্ব পরিস্থিতি ও বিশ্বে আমেরিকার অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এটিই হবে উপযুক্ত বই।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি তার নতুন বইয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দিতে পারেন। আগের পররাষ্ট্র মন্ত্রীদের কথা যেমন থাকতে পারে তেমনি হিলারির উত্তরসূরীর কথাও উঠে আসতে পারে তার বইয়ে। আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যাকাণ্ড ও আরব বসন্ত থেকে শুরু করে চীন ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি নানা বিষয়ে হিলারি লিখবেন বলে জানিয়েছে সাইমন অ্যান্ড শুস্টার।
হিলারি ক্লিনটন লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত। তার ‘লিভিং হিস্ট্রি’র লাখ লাখ কপি বিক্রি হয়েছে। তার সব বই সাইমন অ্যান্ড শুস্টার থেকেই প্রকাশিত হয়েছে ফার্স্ট লেডি থাকার সময়ে।
