চলতি বছরে হজ্বে গমনেচ্ছুদের আগামী ৩০ মের মধ্যে টাকা জমা নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষিত হজ্ব প্যাকেজের আলোকে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় ৩ লাখ ৪৭ হাজার এবং প্যাকেজ-২ এর আওতায় ২ লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা জমা নিতে বলা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় যারা যাবেন তাদের দিতে হবে ২ লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের আলাদা প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের বিষয়বস্তু সংশ্লিষ্ট সকল পক্ষকে জানাতে বলা হয়েছে।
উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি ডলার ৮০ টাকা ৫০ পয়সা এবং প্রতি সৌদি রিয়াল ২১ টাকা ধরে টাকার এই হিসাব করা হয়েছে। সরকারি বেসরকারিভাবে ব্যাংকে জমা দেয়া অর্থের বাইরে হজ্ব যাত্রীরা কোরবানী বাবদ প্রত্যেকে ৯ হাজার ৪৫০ টাকা সমপরিমাণ সৌদি রিয়াল এবং ব্যক্তিগত অন্যান্য খরচ মেটাতে প্রত্যেকে ৫০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। রিটার্ন এয়ার টিকেটের বিষয়টি নিশ্চিত হয়ে এবং আন্তর্জাতিক পাসপোর্টে স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর ও আন্তর্জাতিক পাসপোর্ট এনডোর্সমেন্ট করে ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা ইস্যু করতে বলা হয়েছে। বিমান টিকিটে উল্লেখিত তারিখের ২ সপ্তাহ আগে মুদ্রা ইস্যু করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ব্যাংকগুলোকে খাতওয়ারী হজ্বের খরচ সংগ্রহ করতে বলা হয়েছে। এক্ষেত্রে বিমান ভাড়া, স্থানীয় সার্ভিস চার্জ, হজ্বযাত্রীর আপত্কালীন তহবিল, প্রশিক্ষণ ফি, মেয়াল্লেম ফি, অতিরিক্ত সার্ভিস চার্জ, মক্কা ও মদীনায় বাড়ী ভাড়া, খাওয়া খরচসহ হাজী প্রতি হজ্ব যাত্রী থেকে কোন খাতে কতো টাকা জমা নিতে হবে সে বিষয় উল্লেখ করা হয়েছে।
