রবিবারের মধ্যে ব্লগারদের মুক্তি না দিলে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২২:৫২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ আটক সব ব্লগারকে আগামী রবিবারের মধ্যে মুক্তি না দিলে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। গতকাল বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দ্বিতীয় তলায় এক সাংবাদিক সম্মেলনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ ধর্মঘটের আহ্বান করা হয়। গত বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এক মানববন্ধন-সমাবেশ থেকে আটক ব্লগারদের মুক্তি দিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হয়। ওই সময়সীমা অতিক্রম হওয়ার পর গতকাল তারা এ কর্মসূচি ঘোষণা করে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জয়নব শান্ত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিবারের কাউকে আটক বা গ্রেফতার করতে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিতে হয়। এ নিয়মের তোয়াক্কা না করেই ডিবি পুলিশ রাতের অন্ধকারে শুভকে হল থেকে ডেকে উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানতেন না। একই দাবিতে গতকাল বিকালে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন এবং সন্ধ্যায় আলোর মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। তারা ২৭ সংগঠনের ২৪ ঘণ্টার হরতালে সমর্থন জানায়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ।