জ্যেষ্ঠতা লংঘন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি নিয়োগের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে কালো পতাকা মিছিল করেছে সরকার বিরোধী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে মিছিল নিয়ে আদালতে প্রবেশের সংযোগ সেতুতে আইনজীবীরা অবস্থান নেন। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকার বিচার বিভাগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। একটি দেশকে ধ্বংস করতে হলে আগে বিচার বিভাগ ও গণতন্ত্রকে ধ্বংস করতে হয়। বর্তমান সরকার সে আত্মঘাতী কাজটি করছে। তারা বলেন, বিচার বিভাগ হচ্ছে দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। আইনজীবীরা এই বিচার বিভাগকে ধ্বংস হতে দিতে পারে না। সমাবেশ চলাকালে আদালত ভবনে প্রবেশপথের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেন সুপ্রিম কোর্টের কর্মচারীরা। পরে সমাবেশ শেষে তালা খুলে দেয়া হয়।
সমাবেশে বার সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সমিতির নবনির্বাচিত সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এডভোকেট জামিল আকতার এলাহী, ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ।
