লংমার্চ শান্তিপূর্ণ হলে সহযোগিতা

আওয়ামী লীগ লক্ষ্যভ্রষ্ট হয়নি :সুরঞ্জিত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২২:৫৫
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ লক্ষ্যভ্রষ্ট হয়নি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রাচীন এই দলটি সঠিক অবস্থানে রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, লংমার্চ শান্তিপূর্ণ হলে সরকারই হেফাজতে ইসলামকে সহযোগিতা করবে। অন্যথায় দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, হেফাজতের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আলোচনা করেছেন। আমরা আশা করছি, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে জাতি আজ ঐক্যবদ্ধ। এ লক্ষ্যেই মহাজোট সরকার কাজ করছে। আগামী নির্বাচন প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রাজনৈতিক সরকারকে অরাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত করা যায় না। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে সরকার আন্তরিক। সামছুল আলম দুদুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আশরাফুন্নেসা মোশাররফ এমপি, কাজী মাসুদ আহম্মেদ, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ। সভায় প্রয়াত রাষ্ট্রপতির জীবন ও কর্ম নিয়ে বক্তারা দীর্ঘ আলোচনা করেন।