রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহবুব উর রহমানকে ওএসডি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এ ছাড়া ১৪ যুগ্ম সচিবের পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এসব আদেশ জারি করে।
যেসব যুগ্ম সচিবের পদে রদবদল করা হয়েছে সেগুলো হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এস এম শিবলী নাজিরকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের শেখ মিজানুর রহমানকে যানবাহন সমন্বয় বোর্ডের অতিরিক্ত নির্বাহী পরিচালক, স্থানীয় সরকার বিভাগের ফজলুর রহমান ভুঁইয়াকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলী আহমেদকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোহাম্মদ আজহারুল হককে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য, ওএসডি প্রণব কুমার নিয়োগীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটির যুগ্ম প্রধান আসাদুল ইসলামকে একই ইউনিটের মহাপরিচালক, ওএসডি শংকর প্রসাদ দেবকে চা বোর্ডের সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আ. বাশার মো. আরশাদ হোসেনকে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, ওএসডি মজিবুর রহমানকে বিআরটিএর পরিচালক, ড. এ এফ এম মনজুর কাদিরকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব, ওএসডি আমির হোসেনকে উফসী পাট ও পাট উত্পাদন শীর্ষক প্রকল্পের পরিচালক ও ওএসডি মাঈনুল হককে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
