গল্প নয় সত্যি

মাতাল ট্যাংক চালকের কান্ড!

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ১৯:১৯
কোনো ধরনের নেশাজাত পানীয় গ্রহণের পর যেখানে সাধারণ কোনো বাহন চালনা করাই বিপজ্জনক সেখানে মদ্যপ অবস্থায় যদি কেউ সামরিক ট্যাংকের মতো কোনো কিছু চালাতে শুরু করেন তাহলে বিপদের মাত্রাটা আঁচ করাও কঠিন হয়ে যায়। তবে সত্যিকার অর্থেই এমন একটি কাজ করে সম্প্রতি দারুণ সমালোচনার জন্ম দিয়েছেন রাশিয়ার নাম প্রকাশ না করা এক সৈনিক। আর এর ফলস্বরূপ কোর্ট মার্শালের মুখোমুখি হওয়া ওই সৈনিক চাকরি হারানোর পাশাপাশি পেতে পারেন বড় কোনো শাস্তিও। যদিও স্বস্তির বিষয় এটাই যে, মাতাল অবস্থায় ট্যাংক চালাতে গিয়ে ল্যাম্পপোস্টে আঘাত করে ট্যাংকের বারোটা বাজানো ছাড়া বড় কোনো ক্ষতি এ যাত্রায় হয়নি। ঘটনার বিবরণে জানা যায়, মাতাল ওই সেনা সেদিন তার প্রশিক্ষণের অংশ হিসেবেই এয়ারবর্ন ফাইটিং ভেহিকেল (বিএমডি) নামের এই ট্যাংকটি নিয়ে বেরিয়েছিলেন রাশিয়ার রিয়াজান শহরের রাস্তায়। এই শহরের মধ্যেই প্রতিষ্ঠিত রিয়াজান মার্গেলভ এয়ারবর্ন ট্রেইনিং একাডেমির এ ধরনের যান রাস্তায় প্রশিক্ষণের জন্য চালানোও নতুন কিছু নয়। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন অভিযুক্ত ওই সৈনিক রাস্তা ছেড়ে ধীরে ধীরে তার বিএমডি ট্যাংকটি নিয়ে একটি ল্যাম্পপোস্টের দিকে এগিয়ে যান এবং সেটিকে আঘাত করেন। অন্য সময় হলে হয়তো আত্মপক্ষ সমর্থন করে একে স্রেফ দূর্ঘটনা বলেও দাবি করতে পারতেন ওই সৈন্য। কিন্তু সে সময়ই একই রাস্তা দিয়ে যাওয়ার সময় কৌতূহলী এক ব্যক্তি পুরো ঘটনাটি ভিডিও করে ইন্টারনেটে প্রচার করার ফলে একে দূর্ঘটনা বলে প্রচার করাটাও কষ্টকর। এদিকে এই ঘটনার ঘণ্টাখানেক আগে রিয়াজানেরই ভিন্ন একটি রাস্তায় অপর একটি ট্যাংকের আঘাতে ক্ষতিগ্রস্থ হয় অপর এক সাধারণ নাগরিকের গাড়ি। এ কারণে ওইদিন ট্যাংক প্রশিক্ষণে অংশ নেওয়া আরও কোনো সৈনিক মদ্যপ ছিলেন কি না সেটিও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়দের অনেকে।