আমাদের দেশে সে অর্থে জনপ্রিয় নয় বলে গলফের নানা ধরনের উপকরণ বা খেলাটির নিয়মের সাথেও অধিকাংশ মানুষই পরিচিত নন। আর তাই গলফ খেলায় টি বলতে কোন উপকরণটিকে বুঝানো হয় সেটি অনেকেরই অজানা থাকাটাই স্বাভাবিক। মূলত গলফ খেলায় প্রথম শটটি নেওয়ার সময় গলফ বলটিকে যে ছোট চ্যাপ্টা মাথার দন্ডের উপর রাখা হয় সেটিকেই বলে টি। প্রথম শট বা ড্রাইভ শট নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দেওয়া এ ধরনের টি এর গড় উচ্চতা হয় ২.১২৫ ইঞ্চি বা ৫.৪ সেন্টিমিটার। তবে সম্প্রতি রেকর্ড বইয়ে নাম লেখানোর উদ্দেশ্যে আমেরিকার ইলিনয়েস অঙ্গরাজ্যের ক্যাসি শহরের জিম বোলিন গলফ এর যে টি তৈরি করেন সেটি ছিল ৯.৩৭ মিটার বা ৩০ ফুট ৯ ইঞ্চি লম্বা এবং এর উপরের দিকের চ্যাপ্টা অংশে পরিধি ছিল ৬৪ সেন্টিমিটার বা ২ ফুট ১ ইঞ্চি।
