রংপুর প্রতিনিধি
রংপুরে ব্র্যাক অভিবাসন কর্মসূচির আয়োজনে বৃহস্পতিবার ‘কর্মজীবীদের নিরাপদ অভিবাসন ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) রেজাউল করিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনার কলির সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মো. ফজলুল হক, জেলা ব্র্যাক প্রতিনিধি ছাব্বির হোসেন। কর্মশালায় প্রবাসী কল্যাণ ব্যাংক রংপুরের ইনচার্জ উমর ফারুকসহ সুশীল সমাজ, ব্র্যাক অভিবাসন কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন, ফোরাম সভাপতি, প্রতারিত ব্যক্তি, সফল বিদেশ ফেরত, মধ্যস্থতাকারী, এনজিও প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উত্তরবঙ্গে অনেক আগ্রহী যুবক বিদেশ গমনে ইচ্ছুক। কিন্তু সঠিক পথ ও দিকনির্দেশনা না পাওয়ার কারণে তারা বিদেশ গমন করতে পারছে না এবং প্রতারিত হচ্ছে। এতে করে সমাজে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এই সামাজিক ব্যাধিকে রক্ষা করার জন্য সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষের অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন।
