হ্যারির ব্যক্তিগত সচিব
ব্যক্তিগত সচিব নিয়োগ করলেন প্রিন্স হ্যারি। তার নাম এডওয়ার্ড লেন ফক্স। তিনি একজন প্রাক্তন সামরিক অফিসার। ২০০৬ সালে তিনি সামরিক বাহিনী ছাড়েন। সেসময়ে তিনি ক্যাপ্টেন পদমর্যাদায় স্কোয়ার্ডন সেকেন্ড ইন কমান্ড ছিলেন। হ্যারি বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে আছেন। সেখান থেকে জুন মাসে তিনি দেশে ফিরে আসবেন। ওই একই মাসে ফক্স হ্যারির ব্যক্তিগত সচিব হিসাবে দায়িত্বভার শুরু করবেন বলে জানা গেছে। ফক্স বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। -হাফিংটন পোস্ট
আমিরাতের ‘বিস্ময়’ গাড়ি
সংযুক্ত আরব আমিরাতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা সম্প্রতি এমন একটি গাড়ির নকশা তৈরি করেছেন যেটি মাত্র এক লিটার জ্বালানিতে যেতে পারবে ১ হাজার কিলোমিটার পথ। গাড়িটির নাম রাখা হয়েছে ইকো-দুবাই। এর ওজন ২৫ কেজি। এটি তৈরির কাজ প্রায় শেষ। দু’সপ্তাহের মধ্যে গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। আহমেদ খামিস আল সুওয়াইদি নামে এক ছাত্র বলেন, সারাজীবন তো আর পেট্রোল পাওয়া যাবে না। তাই আমরা পরিবেশবান্ধব এই গাড়িটি তৈরির চেষ্টা করছি। -এএফপি
লালবাতি লাগানো গাড়ি
লালবাতি লাগানো গাড়ির সংখ্যা কমিয়ে আনার জন্য ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জি এস সিঙ্ঘভির বেঞ্চ থেকে বলা হয়, রাস্তায় যত বেশি লালবাতি লাগানো গাড়ি চলবে সাধারণ মানুষের তত অসুবিধা হবে। উত্তর প্রদেশের এক ব্যক্তির আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে এ দিন সুপ্রিম কোর্ট জানায়, শুধু অ্যাম্বুলেন্স, দমকল গাড়ি, পুলিশ এবং সেনাবাহিনীর গাড়িতে লালবাতি থাকা উচিত। এর বাইরে অন্য কোন লালবাতি লাগানো গাড়ি ধরা পড়লে তাকে জরিমানা করা হবে কি না, তা নিয়ে জুলাই মাসে রায় দেবে আদালত। -আনন্দবাজার পত্রিকা
নতুন ব্যাকটেরিয়ার সন্ধান
দক্ষিণ মেরুতে একটি জলাশয়ে বরফের নিচে নতুন ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। রাশিয়ার বিজ্ঞানীরা ২০১২ সালে দক্ষিণ মেরুর লেক ভস্তকে বরফের নিচে পানিতে অপরিচিত এ জীবাণুর সন্ধান পেয়েছেন। সম্প্রতি গবেষকদের প্রকাশিত এই তথ্য জানিয়েছে লাইভ সায়েন্স ম্যাগাজিন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর প্রতিটি প্রজাতির মধ্যে একটির সঙ্গে অপরটির মিল রয়েছে। -এএফপি
