আবার মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ

আজ মুখোমুখি শেখ রাসেল ও ব্রাদার্স

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২১:২৯
শিরোপা প্রত্যাশী শেখ রাসেল ক্রীড়াচক্র ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার খেলা দিয়ে মাঝে প্রায় ৪০ দিনের বিরতির পর আজ শনিবার থেকে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৭টায় শুরু হবে খেলাটি। আবাহনী লিমিটেড বর্তমানে ২৮ পয়েন্ট নিয়ে পেশাদার লিগে সবার ওপরে অবস্থান করছে। তারাই লিগের বর্তমান চ্যাম্পিয়ন। দ্বিতীয় স্থানে আছে সদ্য স্বাধীনতা কাপ জয়ী শেখ রাসেল। তাদের অর্জন ২৬ পয়েন্ট। অপরদিকে ২৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে স্বাধীনতা কাপের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড (২০ পয়েন্ট) আছে চতুর্থ অবস্থানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কেবল দুই রাউন্ডের খেলা বাকি আছে। এর মধ্যে একটি রাউন্ড বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং শেষ রাউন্ডটি হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ পর্বের খেলার জন্য জাতীয় দলের প্রস্তুতির সুবিধার্থে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত করা হয়েছিল। এরপর তৃতীয়বারের মতো আয়োজিত স্বাধীনতা কাপ আয়োজন করতে গিয়ে আরেক দফা হোঁচট খায় লিগটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে প্রিমিয়ার লিগটি আর পেছানো হবে না। শেখ রাসেল মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ এবং অতিসম্প্রতি ফেডারেশন কাপ জয়ের সুবাদে পেশাদার লিগের ব্যাপারেও সঙ্গত কারণেই আশাবাদী। তাছাড়া শিরোপা লড়াইয়ে অপর দুই প্রতিদ্বন্দ্বী আবাহনী ও শেখ জামালের চাইতে শেষ দুই রাউন্ডে তারা কিছুটা সুবিধাজনক অবস্থায়ও আছে। কারণ লিগে তাদের এখন আর খেলা আছে চারটি। এগুলোয় প্রতিপক্ষ হলো ব্রাদার্স ইউনিয়ন, ফেনীর সকার ক্লাব, আরামবাগ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর মধ্যে শেখ জামালই হলো তাদের কঠিন প্রতিপক্ষ। ব্রাদার্স প্রথম লেগে ১-২ গোলে শেখ রাসেলের কাছে পরাস্ত হয়েছিল। শক্তির বিচারে আজকের ম্যাচেও তাদের পেরে ওঠার সম্ভাবনা কম। যদিও রেলিগেশনের শংকায় থাকা দলটি নিদেনপক্ষে ড্র করে এক পয়েন্ট পেতে চায় বড় বিপক্ষের কাছ থেকে। ব্রাদার্স বর্তমানে ১২ খেলা শেষে ১০ পয়েন্টে আছে। রেলিগেশনের লড়াইয়ে তাদের কাছাকাছি আছে আরামবাগ (১২ খেলায় ৬ পয়েন্ট)। এছাড়া ফেনীর সকার ক্লাবের অবস্থানও কিছুটা নড়বড়ে (আট খেলায় ৮ পয়েন্ট)। পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট আবাহনী ১৩ ৮ ৪ ১ ২০/৭ ২৮ শেখ রাসেল ১২ ৮ ২ ২ ২২/১০ ২৬ শেখ জামাল ১২ ৭ ৪ ১ ১৫/৫ ২৫ মোহামেডান ১৩ ৬ ২ ৫ ১৪/১৫ ২০ বিজেএমসি ১৩ ৫ ৪ ৪ ১৬/১৪ ১৯ মুক্তিযোদ্ধা ১৪ ৪ ৪ ৬ ১০/১১ ১৬ ব্রাদার্স ১২ ২ ৪ ৬ ১১/১৭ ১০ সকার ক্লাব ১৩ ২ ২ ৯ ৯/১৯ ৮ আরামবাগ ১২ ২ ০ ১০ ৩/২২ ৬