স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আফম রুহুল হক বলেছেন, দেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেলেও ২৫ বছরের ঊর্ধ্বের জনগোষ্ঠী রক্তচাপ ও অন্যান্য অসংক্রামক রোগের কারণে ঝুঁকিপূর্ণ জীবন-যাপন করছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এ পরিস্থিতির কথা তুলে ধরেন। আগামীকাল ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, উচ্চ রক্তচাপ থেকে হূদরোগ, স্ট্রোক, কিডনির অসুখ ও চোখের সমস্যাসহ নানা রোগব্যাধি বাসা বাঁধে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতি তিনজনে ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত হন এবং প্রতি ১০ জনে ১ জন এ কারণে মারা যান। তাই মানসিক চাপমুক্ত থাকা, স্বাস্থ্যসম্মত জীবন-যাপন, হঠাত্ উত্তেজিত না হওয়াসহ আরো বেশ কিছু সচেতনতার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মন্ত্রী বলেন, এখন দেশের সর্বত্র সরকারি চিকিত্সা কেন্দ্রে বিনামূল্যে উচ্চ রক্তচাপ পরিমাপ ও প্রয়োজনে ওষুধের ব্যবস্থা আছে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) ডা. মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খন্দকার মো. শিফায়েত উল্লাহসহ অন্যরা। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভিটামিন-এ ক্যাম্পেইন নিয়ে উদ্ভূত পরিস্থিতির তদন্ত রিপোর্ট আগামী সপ্তাহে পাওয়া যাবে। এ জন্য তদন্ত কমিটি েআরো সময় দেয়া হয়েছে।
