উপজেলার শিংনগর সীমান্তে গত বুধবার রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এসময় প্রায় ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম পিএসসি জানান, শিংনগর সীমান্তের ১৭০ পিলারের কাছে রাত সাড়ে ৮টার দিকে বিজিবি টহল দল চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা টহল দলকে লক্ষ্য করে ককটেল ও হাত বোমা নিক্ষেপ করে। জবাবে বিজিবি কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় গুলির শব্দে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা পাল্টা গুলি চালায়। বৃহস্পতিবার সকালে সীমান্তের জিরো লাইনে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌহার্দপূর্ণ পরিবেশে সীমান্তের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বিএসএফ জানিয়েছে, ভুল বুঝাবুঝির কারণে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরবর্তীতে এসব বিষয়ে লক্ষ্য রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএসএফ প্রতিনিধি দল।
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
তাহিরপুর সংবাদদাতা জানান, সুনামগঞ্জের সীমান্ত এলাকার চানপুর গ্রামের দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। চানপুর সীমান্ত এলাকা দিয়ে বৃহস্পতিবার লাকড়ি কাটতে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়। আটককৃতদের নাম খোকন মিয়া ও সাদ্দাম হুসেন। এ ব্যাপারে চানপুর সীমান্ত ইনচার্জ জানান আটক দুইজনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
