লংমার্চে নাশকতার পরিকল্পনার অভিযোগে সীতাকুণ্ডে গ্রেফতার ৮

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:০২
হেফাজতে ইসলামের লংমার্চে নাশকতার পরিকল্পনায় বৈঠক করার অভিযোগে বৃহস্পতিবার আট শিবির কর্মীকে স্থানীয় লোকজন ধরে পুলিশে দিয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার তথ্যও পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা সবাই শিবিরের সাথী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তবে গ্রেফতারকৃতরা বলেছেন নাশকতার পরিকল্পনার জন্য তারা বৈঠকে মিলিত হননি। কোরআন নিয়ে আলোচনার জন্য তারা সভা করার প্রস্তুতি নিচ্ছিলেন। আটককৃতরা হলেন জুয়েল, রুবেল, মোশারফ, আকবর হোসেন, আরিফ হাসান, আরাফাত, ইমাম হোসেন ও ফারুক হোসেন। সীতাকুণ্ড সার্কেল এএসপি সৈয়দ ইকবাল আলী জানান, হেফাজতে ইসলামের ডাকা লংমার্চে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথে নাশকতার পরিকল্পনা করার সময় স্থানীয় জনতা আট জনকে আটক করে। তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও ভাংচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।