হেফাজতে ইসলাম ‘ডেঞ্জারাস’

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:০২
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘হেফাজতে ইসলাম ডেনজারাস’। বাংলাদেশে ইসলাম ধর্মকে বিপন্ন করা যাবে না। ১৩/১৪ ’শ বছর যাবত্ ইসলাম আছে ভালই আছে। এরকম ‘হেফাজত ঠেফাজত’ দিয়ে ইসলামকে ঠেকানো যাবে না। হেফাজতে ইসলাম যে লংমার্চ কমসূচি দিয়েছে তা না হলেই ভালো হতো। তারা এই কর্মসূচি দিয়েছে শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। লংমার্চ দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। সন্ত্রাসী গোষ্ঠী জামায়াত-শিবিরই এদের মদত দিচ্ছে। এ ধরনের আন্দোলন সরকার কখনো বরদাস্ত করবে না। তিনি বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার উত্তর বালাসুরের জমিদার যদুনাথ রায়ের বাড়িতে নব নির্মিত যাদুঘর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পদ্মা সেতুর ব্যাপারে তিনি বলেন, ২০১০ সালে চুক্তি সই করতে এসে বিশ্ব ব্যাংকের সাথে আমাদের একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। আর্থিক লেনদেনে কিছু লোক পয়সা বানাবার জন্য চিন্তা করছিল। সেটা আমরা হতে দেইনি এবং পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি। তিনি আরও বলেন, এ বছরই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নূহু-উল-আলম লেনিন, স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা সিভিল সার্জন বনদ্বীপ লাল দাস ও অর্থমন্ত্রীর পরিবারবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।