পশুর নদীতে অবস্থানরত এম.ভি. হার্টি ফ্যালকন নামের একটি বিদেশি জাহাজে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে জাহাজের চিফ অফিসার হু ইয়াং হাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এই ডাকাতির ঘটনা ঘটে। গত বুধবার মংলা থানায় এব্যাপারে অভিযোগ করা হয়। ভিয়েতনামের পতাকাবাহী এম.ভি. হার্টি ফ্যালকন মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ দেড় বছর ধরে মংলা বন্দরে আটকা রয়েছে।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাত ১১টায় ৫ জনের একটি ডাকাতদল নৌকাযোগে এসে জাহাজের উপরে ওঠে। এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১১ পিস লাইন ক্যাবেলসহ জাহাজের অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ লুট করে তারা। পরে জাহাজের উপস্থিত কয়েকজন বাঙালির মাধ্যমে তিনি দুইজনকে চিহ্নিত করে থানায় অভিযোগ দেন। অভিযোগের সত্যতা স্বীকার করে মংলা থানার ওসি জানান, এটি ডাকাতি নয়, চুরির ঘটনা। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
