প্রধানমন্ত্রীকে চেম্বার সভাপতির চিঠি

চা নিলাম কার্যক্রম চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে না নেয়ার অনুরোধ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:০৩
চা নিলাম কার্যক্রম চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে না নিতে চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন। তিনি গত বুধবার এক জরুরি পত্রের মাধ্যমে এই আবেদন জানান। পত্রে মাহবুবুল আলম বলেন, বৃটিশ আমল থেকে দেশের ছোট-বড় ১৬৩টি চা বাগানে উত্পাদিত চা পাতার আন্তর্জাতিক নিলাম কার্যক্রম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সম্পন্ন হয়ে আসছে। চা পাতার আন্তর্জাতিক এই নিলামকে কেন্দ্র করেই চট্টগ্রামে অক্শান হাউস, টেস্টিং সেন্টার, গোডাউনসহ বিভিন্ন ধরনের অবকাঠামোসমৃদ্ধ বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠে। তাই এই নিলাম প্রক্রিয়ার সাথে সরকারের ১৬০ কোটি টাকার রাজস্ব আদায়ের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বৃহত্তর চট্টগ্রামের জনগোষ্ঠীর কর্মসংস্থানও জড়িত। চেম্বার সভাপতি জানান, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে উপযুক্ত চা পাতা নিলাম কার্যক্রমকে কেন্দ্র করে যে পরিমাণ অবকাঠামো গড়ে উঠেছে তা শ্রীমঙ্গলে গড়ে তুলতে কমপক্ষে ৪ হাজার কোটি টাকা প্রয়োজন। চট্টগ্রাম বিদ্বেষী একটি কুচক্রী মহল এই সেক্টরকে ধ্বংস করতে দীর্ঘদিন যাবত্ চা পাতা নিলাম কার্যক্রম চট্টগ্রাম থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে।