বানারীপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর জাকির হোসেন মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গত বুধবার রাতে র্যাব-৮ এর সদস্যরা গ্রেফতার করেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বানারীপাড়া উপজেলার সূর্যমনির মেলা থেকে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি বানারীপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর। র্যাব-৮ এর ১নং কোম্পানি ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
