বরিশালের গৌরনদীতে নাঈম সরদার নামে এক স্কুল ছাত্রের আত্মহননের ঘটনায় শিক্ষক রফিকুল ইসলাম লালনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, ক্লাসে পড়া না পারার অপরাধে উপজেলার মেদাকুল সরকারি প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র নাঈমকে বাথরুমে আটকিয়ে শাস্তি দেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম লালন। এ ঘটনার পর সহপাঠীরা তাকে নানাভাবে উপহাস করে এবং এতে সে লজ্জা পায়। নাঈম সরদারের দাদা জানান, শাস্তির ভয়ে নাঈম স্কুলে যাবে না বলে বুধবার পরিবারের লোকজনকে জানায়। এতে তার বাবা-মাও তাকে বকুনি দেয়। অপমান সইতে না পেরে বুধবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অভিমানী স্কুল ছাত্র নাঈম। এ ঘটনায় গত বৃহস্পতিবার বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম লালনকে সাময়িক বরখাস্ত করেন। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
