গোয়াইনঘাটে ইউপি মেম্বারের বাক্সবন্দী লাশ উদ্ধার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:৪৩
সিলেট অফিস সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার প্রফুল্ল নম:শূদ্র (৫০) খুন হয়েছেন। গতকাল শুক্রবার সিলেট-সালুটিকর সড়ক সংলগ্ন ধোপাগুল এলাকা থেকে তার বাক্সবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা হাত-পা কেটে তাকে খুন করেছে। নিহত প্রফুল্ল গোয়াইনঘাটের দ্বারিরপাড় গ্রামের কুটি নম:শূদ্রের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রফুল্ল গত বুধবার নিজ বাড়ি থেকে সিলেট নগরীর উদ্দেশে রওয়ানা হয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সালুটিকর পুলিশ ক্যাম্পে জিডি করা হয়। গতকাল সকালে ধোপাগুলে স্থানীয় লোকজন একটি বাক্স পড়ে থাকতে দেখে সেটি খুলে লাশ দেখে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। কী কারণে তিনি খুন হয়েছেন তা জানা যায়নি।