জামায়াত-শিবির নিষিদ্ধ হওয়া উচিত :অর্থমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:১১
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। যেভাবেই পারা যায় সেভাবেই এটা প্রতিরোধ করা হবে। জামায়াত-শিবির যুদ্ধাপরাধী উল্লেখ করে তিনি বলেন, তারা দেশকে ধ্বংসের চেষ্টা করছে। সরকার ও সাধারণ জনগণকে সমস্ত শক্তিদিয়ে এদের প্রতিরোধ করতে হবে। যে কোন মূল্যেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। গতকাল শুক্রবার গাজিপুরের কালিয়াকৈর চন্দ ায় ওয়ালটনের নতুন রেফ্রিজারেটর কারখানা উদ্বোধন করেন তিনি। এসময় তিনি ওয়ালটনের মোবাইল ফোন সেট এবং ইলেক্ট্রনিক্স কারখানার নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তাদের অবশ্যই নিষিদ্ধ করা উচিত। হেফাজতে ইসলামের আহূত লংমার্চ ও হরতালের ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা হচ্ছে সহিংস উদ্যোগ। তবে তিনি আশা প্রকাশ করেন আগামী দুই-চার দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। আগামী বাজেটেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে না বলে তিনি উল্লেখ করেন। ওয়ালটনের কারখানা পরিদর্শন শেষে তিনি বলেন, আগের বাজেটেও আমরা দেশীয় শিল্প সুরক্ষায় সহযোগিতা দিয়েছি, আসছে বাজেটেও এ ধরনের সুবিধা থাকবে। তবে প্রতিযোগিতার জন্য আমদানির সুযোগও দিতে হবে। তিনি উল্লেখ করেন, দেশে প্রচলিত ট্যাক্স হলিডে ক্রমান্বয়ে উঠিয়ে নেয়া হবে। তবে কিছু কিছু শিল্পে এ সুবিধা থাকবে বলেও জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস এন্ড পলিসি) ফরিদ উদ্দিন, আর.বি. গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভি, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।