দেশের সকল মানুষের ধর্মানুভূতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি মুক্তচিন্তার পথ রুদ্ধ না করার আহবান জানিয়েছেন দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক। মুক্ত চিন্তার পথ রুদ্র করা হলে দেশে-বিদেশে ভুল বার্তা পৌঁছবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ব্লগে মতামত প্রকাশের অভিযোগ এনে ৪ তরুণকে গ্রেফতারে বিবৃতিদাতারা উদ্বেগ প্রকাশ করেন এবং তারা গতকাল শুক্রবার এক বিবৃতিতে সরকারের কাছে তারা এ আহবান জানিয়ে বিশিষ্টজনরা বলেন, আমরা ইসলাম কিংবা অন্য কোন ধর্ম, মুক্তিযুদ্ধ ও ব্যক্তি বিশেষ সম্পর্কে যে কোন ধরনের কটূক্তির বিরোধী। অবিলম্বে ঐ ৪ তরুণের মুক্তি দাবি করেন। বিবৃতিদাতারা হলেন- ড. সালাউদ্দিন আহমেদ, ড. জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, ড. আকবর আলি খান, অজয় রায়, কাইয়ূম চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা কামাল, ড. মুহাম্মদ জাফর ইকবাল ও এম এম আকাশ প্রমুখ।
সুলতানা কামাল স্বাক্ষরিত এ বিবৃতিতে বিশিষ্টজনরা বলেন, গত প্রায় দুইমাস ধরে শাহবাগে বাংলাদেশের যে তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অপরিসীম কষ্ট স্বীকার করেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ধন্যবাদই তাদের প্রাপ্য।
বিবৃতিদাতারা বলেন, ধর্মানুভূতিতে আঘাত করে সামাজিক আলাপচারিতার তথ্যপ্রযুক্তি ব্যবহারের অভিযোগে চারজন তরুণকে গ্রেফতার করার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং এই তরুণদের অবিলম্বে মুক্তি দেয়া হবে।
