‘বিএনপি জামায়াত যতই চক্রান্ত করুক না কেন ’৭১ এর ঘাতকদের বিচার বন্ধ করার ক্ষমতা কারো নেই’- ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, চিন্তা বা উদ্বেগের কিছু নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যথাসময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সেটা বড় কথা নয়, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবং ভোট দানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বড় কথা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর।’ তিনি সকল প্রকার বিশৃঙ্খলা ও নৈরাজ্য পরিহার করে জনগণের কল্যাণে রাজনীতি করার আহবান জানান বিএনপিকে। তিনি বিরোধী দলকে রাজাকার ও মানবতাবিরোধীদের বিচারে পক্ষ না নেয়ার আহবান জানান।’
ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। সকলের বক্তব্য শেষে আলহাজ্ব বেনজীর আহমদ ধামরাই থানা আওয়ামী লীগের নয়া কমিটির সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকুর নাম ঘোষণা করেন।
