আজ শনিবার সরকারি অফিসে যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি একদিন করার বিষয়ে প্রাথমিকভাবে যে চিন্তা-ভাবনা চলছিল সে অবস্থান থেকে সরে এসেছে সরকার। হরতালে কর্ম দিবস নষ্ট হওয়ার প্রেক্ষাপটে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছিল সরকার। সরকারি সূত্রে এ খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, স্বাধীনতার পর দেশে সাপ্তাহিক ছুটি ছিল একদিন এবং সে দিনটি ছিল রবিবার। এরশাদ সরকারের সময় সাপ্তাহিক ছুটি রবিবারের পরিবর্তে প্রথমে শুক্র ও শনিবার করা হয়। পরে এতে পরিবর্তন এনে শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি করা হয়। এরপর বিগত আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) সময়ে সাপ্তাহিক ছুটি পুনরায় শুক্র ও শনি এই দুই দিন করা হয়। বিশ্বের প্রায় সব দেশে সাপ্তাহিক ছুটি রবিবার হওয়ায় দুই দিন ছুটিতে সমস্যার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন ব্যবসায়ীরা। কারণ শুক্র ও শনিবার দেশে ছুটি এবং তার পর দিন রবিবার অন্যান্য দেশে ছুটি থাকায় কার্যত বিভিন্ন পর্যায়ের কাজ সারতে তিন দিনের বিচ্ছিন্নতায় পড়তে হচ্ছে সবাইকে।
