আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবারের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ‘রাজাকারমুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিঃশেষ’। গতকাল চারুকলায় জাতীয় পহেলা বৈশাখ উদযাপন কমিটি-১৪২০ আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
শোভাযাত্রার আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলা নববর্ষ আজ বাঙালি জাতির অন্যতম প্রধান উত্সবে পরিণত হয়েছে। সমগ্র বাংলার আপামর জনসাধারণ এই দিনে সব ভেদাভেদ ভুলে নতুনভাবে সাম্যের এবং অহিংসার মন্ত্রে উজ্জীবিত হয়। তিনি বলেন, সমস্ত অশুভকে পায়ে দলিয়ে বাঙালি ওড়াবে বিজয় পতাকা-এই হোক আমাদের নতুন বছরের প্রার্থনা। আমরা অনুরোধ জানাই, সারাদেশে এবারের মঙ্গল শোভাযাত্রার শ্লোগান হবে ‘রাজাকারমুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিঃশেষ’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। একই সময়ে মিরপুর, উত্তরা ও দনিয়া থেকে একইসাথে সকল জেলা-উপজেলায় শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার এবারের বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে অশুভ শক্তি ড্রাগন, পায়রা, উড়ন্ত পাখি, মুষ্টিবদ্ধ হাত, রাজাকারের কবরে পা প্রভৃতি।
বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চিত্রশিল্পী রফিকুন্নবী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, চারুকলা অনুষদের ডিন আবুল বারাক আলভী প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন।
